জামালপুর প্রতিনিধি:
সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধ যোগ্য রোগ। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে শিশুরা এ রোগ থেকে সুরক্ষিত থাকতে পারবে।” উদ্বোধনী অনুষ্ঠানের পর বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে প্রতীকীভাবে টিকা প্রয়োগের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন