জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কতিপয় গ্রাহকের বক্তব্য ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের জেলা ইনচার্জ ও মাঠপর্যায়ের কয়েকজন কর্মী।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি এলাকায় অবস্থিত বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জোন অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জেলা ইনচার্জ এরশাদ আলী এবং মাঠকর্মী আল আমিন ওরফে রতন ও মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট ‘দৈনিক মেলান্দহ’ ও ‘মেলান্দহ উপজেলা নিউজ’ নামে পরিচালিত দুটি ফেসবুক পেজে তাদের এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার করা হয়েছে।
তাদের দাবি, কতিপয় গ্রাহকের ভিডিও বক্তব্য সংগ্রহ করে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এতে তাদের ব্যক্তিগত সম্মানহানি এবং বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনকারীরা আরও বলেন, ওই ফেসবুক পেজ দুটি কোনো নিবন্ধিত পত্রিকা বা অনলাইন সংবাদপোর্টাল কি না, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। শুধু নাম ব্যবহার করে সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
জেলা ইনচার্জ এরশাদ আলী বলেন, “আমাদের বক্তব্য ও তথ্য যাচাই না করেই একপক্ষের বক্তব্য প্রচার করা হয়েছে। এতে আমাদের আত্মসম্মান ক্ষুণ্ন হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।”
মাঠকর্মী আল আমিন ওরফে রতন ও মোস্তাফিজুর রহমানও এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচার বন্ধ করা জরুরি। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তারা।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ‘দৈনিক মেলান্দহ’ ও ‘মেলান্দহ উপজেলা নিউজ’ নামের ফেসবুক পেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনকারীরা সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন