জামালপুর প্রতিনিধি:
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে অনলাইন ট্রেন টিকিটের কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ০৮টি আসনের তিনটি অনলাইন টিকিট এবং টিকিট বিক্রির ১৫,০০০ টাকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকিট কালোবাজারি মোঃ জামাল (৪০) কে আটক করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, আটককৃত জামাল পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন এবং কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরবর্তীতে তিনি ওই টিকিট দ্বিগুণ মূল্যে বিক্রি করে বেআইনিভাবে অর্থ উপার্জন করতেন। তিনি স্বীকার করেছেন, ঢাকাগামী যাত্রীদের কাছেও স্টেশনের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে টিকিট বিক্রি করতেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ, জামালপুর রেলওয়ে থানা, ঢাকা রেলওয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন