জামালপুর প্রতিনিধি:
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান গতকাল গভীর রাতে হাজরাবাড়ী পৌরসভা বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাজারের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ওসি ওবায়দুর রহমান নিরাপত্তা প্রহরীদের উদ্দেশে বলেন, বাজার এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ যে কোনো ধরনের অপকর্ম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্থানীয় নিরাপত্তা কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় ওসি ওবায়দুর রহমান বলেন,
“আমি সবসময় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার। মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারি কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“আমার প্রথম অগ্রাধিকার হলো মেলান্দহ উপজেলাকে মাদকমুক্ত ও জুয়ামুক্ত হিসেবে গড়ে তোলা। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশের এমন নিয়মিত রাত্রীকালীন তদারকি ও সচেতনতামূলক কার্যক্রমে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন