জামালপুর প্রতিনিধি :
জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকালে গাড়ির বহর নিয়ে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি খরমা বাজার, উৎমাত চর, তিলকপুর, দিঘলদী বিএম কলেজ এলাকা, জিল বাংলা সুগার মিলসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়।
ভোটারদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন,
“ভোট দিবো কিসে—ধানের শীষে। ধানের শীষ মানেই জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মিল্লাত জানান, ধানের শীষে বিজয় নিশ্চিত হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাবেন নারীরা। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষক কার্ড, যাতে অর্ধেক দামে সার ও বীজ পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন,
“কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চাই।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। এ সময় এলাকাবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন বিএনপির এই শীর্ষ নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন