জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ফুয়েল বিতরণ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মান্যবর জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন, মেলান্দহ এর তৎপরতায় শনিবার উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয় এবং সরকারি নীতিমালা অনুযায়ী তেল বিক্রি ও বিতরণ কার্যক্রম হচ্ছে কি না তা যাচাই করা হয়।
এ সময় ফিলিং স্টেশনের মালিকদের সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা বলেন, জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি রোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে সাধারণ ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন