জামালপুরে রেলের অনলাইন টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান: ১০ আসনের টিকিটসহ আটক যুবক


জামালপুর প্রতিনিধি:

রেলের অনলাইন টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযানে জামালপুর রেলওয়ে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১০টি আসনের অনলাইন টিকিট এবং টিকিট বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে পেশাদার টিকিট কালোবাজারি চক্রের সদস্য মো. মেজাহিদুল ইসলাম ওরফে মেজাহিদ (২৩) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের জামালপুর-ঢাকা রুটের মোট ১০টি আসনের ৫টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেজাহিদ স্বীকার করেন, তিনি পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে আগাম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে এসব টিকিট নিজের কাছে সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী গ্রাহকদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন