জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা সবাই ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।
উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাঁদের ঘরবাড়ি মেরামত ও জীবন-জীবিকা স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন