জামালপুর প্রতিনিধি:
জামালপুরে চোর সন্দেহে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে ডেকে এনে ‘সালিশের’ নামে মারধর ও অপমান করার ঘটনায় এক মায়ের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে অভিযুক্ত ছেলেকে না পেয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি তার বাবা-মাকে ডেকে এনে সালিশের নামে শারীরিক নির্যাতন ও অপমান করে। এ ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে মা আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন—আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা এবং নায়েব আলীর ছেলে হৃদয়।
পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে এমন অমানবিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন