পদ্মার চরে পুলিশের ওপর হামলা, হাতকড়া পরা আসামি ছিনতাই—আহত ৫ পুলিশ সদস্য


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ভোরে একটি অভিযান পরিচালনা করা হয়। পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে পৌঁছে তাকে আটক করে হাতকড়া পরানো হয়। তবে এ সময় কবির খান ধস্তাধস্তি শুরু করলে তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করে এবং হাতকড়া পরা অবস্থাতেই কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। তাদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং চরাঞ্চলে নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন