নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেলান্দহ। বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল টেকসই কৃষি সম্প্রসারণ, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করা।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ।
অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ কৃষির উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের ভিডিওচিত্র উপস্থাপন করেন। তিনি বিষমুক্ত ও নিরাপদ ফসল এবং সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) অনুসরণের আহ্বান জানিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় কৃষি সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু এবং বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম।
কংগ্রেস উপলক্ষে উদ্যোক্তা কর্নার, GAP ও নিরাপদ কৃষি কর্নার, পুষ্টি কর্নার এবং জৈব সার ও বালাইনাশক কর্নার নামে চারটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। এসব স্টলে কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রায় ৭০ জন কৃষক, কৃষি উপসহকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন এক বর্ণাঢ্য মিলনমেলায় পরিণত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন