ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামানসহ বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেলায় জেলার নয়টি উপজেলার অংশগ্রহণে ১৫টি স্টলে দেশীয় বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হওয়া এ মেলা আগামী শনিবার (২০ জুন) পর্যন্ত চলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, “দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। এসব ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি এর পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা জরুরি।”
অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন বলেন, “নতুন প্রজন্মকে দেশীয় বিভিন্ন জাতের ফলের সঙ্গে পরিচিত করানো এবং এসব ফলের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সরকারের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের ফল মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও মেলার আয়োজন করা হয়েছে।”
মেলাকে ঘিরে ফলচাষি, কৃষক ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন