ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপের উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টার্টআপ প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় সৃজনশীলতা, মেধা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় ফুটে ওঠে। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রদর্শনীটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন