নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এসময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বাসিন্দারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করছে। সীমান্তে বসবাসকারী জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা শুধু বিজিবির একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। একই সঙ্গে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।”
এর আগে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারেও সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিলটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন