নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলার পৌরসভার শাহজাতপুর ৫ নম্বর ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল উৎপাদন ও ভেজাল সরিষার তেল বাজারজাতের অভিযোগে অবশেষে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১ লাখ টাকা জরিমানা, ১ হাজার ৮০০ লিটার ভেজাল সরিষার তেল ধ্বংস, কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয়দের অভিযোগ এবং সরেজমিন অনুসন্ধানে কারখানাটির অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা ড্রামে তেল সংরক্ষণ, উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। প্রতিবেদনে কারখানার ভেতরের ভিডিওচিত্র, ড্রোন ফুটেজ, স্থিরচিত্র এবং মালিকের অন-ক্যামেরা বক্তব্যে দেখা যায়, কারখানায় সরিষা ভাঙানোর মেশিন থাকলেও তেল পরিশোধনের (ফিল্টারিং) কোনো যন্ত্রপাতি চোখে পড়েনি। একই সঙ্গে বড় বড় ড্রামে তেল মজুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়।
অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রায় ১ হাজার ৮০০ লিটার ভেজাল সরিষার তেল ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানার দায়ী ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পুনরায় উৎপাদন বন্ধ রাখতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা/বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য উৎপাদন কিংবা বাজারজাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
দীর্ঘদিন ধরে কারখানাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসা স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে উপজেলার অন্যান্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানেও নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এতে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কার্যকর বার্তা পৌঁছাবে।

একটি মন্তব্য পোস্ট করুন