ফরিদপুরের ক্লুলেস মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি সাভার থেকে গ্রেফতার


র‌্যাব-১০ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে আটক জাফর মোল্যা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার অন্যতম আসামি জাফর মোল্যা (৪২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে রওনা হন উৎপল সরকার। ভোর সাড়ে ৪টার দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইকে আসা মুখোশ পরিহিত ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

দুর্বৃত্তরা প্রথমে অটোভ্যান চালক ফিরোজ মোল্লাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তার কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ছিনতাই শেষে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে উৎপল সরকারকে হত্যা করে এবং তার মরদেহ কালীতলা ব্রিজের পাশে রাস্তার এক কোণে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় নিহত উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুরের সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তারিখ: ০৬/১২/২০২৫ খ্রি.)। দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকায় তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে মামলার অন্যতম আসামি জাফর মোল্যাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাফর মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালী থানার তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন